
শাকিল ইসলাম,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের দেউলি খুনিয়াপাড়া এলাকায় ভুট্টা ক্ষেতের আইল থেকে মোছাঃ খুকি আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতের খাবার শেষে রাত আনুমানিক ১১টার দিকে তিনি ঘুমাতে যান। পরদিন শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে তার স্বামী নবী হোসেন ঘুম থেকে উঠে তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শনিবার (১৮ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
মরদেহে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এছাড়া মুখমণ্ডল ফুলে যাওয়া এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টিও লক্ষ্য করা গেছে, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।