
জালাল উদ্দিন লস্কর,মাধবপুর (হবিগঞ্জ )প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে তিনজনের বিরুদ্ধে পৃথক মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. নজরুল ইসলাম ১ লাখ টাকা , মো. খোকন মিয়া ১ লাখ টাকা এবং জয়নাল মিয়া ৫০ হাজার টাকা।
অভিযান চলাকালে বড়জ্বালা ক্যাম্পের বিজিবির একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।