লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান; জব্দ হলো মেলু মিয়ার ২ ট্রলি - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান; জব্দ হলো মেলু মিয়ার ২ ট্রলি

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: ফেব্রুয়ারি ৩, ২০২৬

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লাখাই ইউনিয়নের আমানুল্লাহপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আমানুল্লাহপুর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদে খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযান চলাকালীন মাটিকাটার কাজে নিয়োজিত স্থানীয় মেলু মিয়ার মালিকানাধীন ২টি মাটিবাহী ট্রলি জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই করে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন পরিবেশ ও রাস্তাঘাটের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

এ অভিযানে পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গভীর রাতে প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।