অন্যায় করলে ছাড় নয়, হিসেব দেব পইপই করে: এমপি সৈয়দ ফয়সল - দৈনিক দেশ কন্ঠ

অন্যায় করলে ছাড় নয়, হিসেব দেব পইপই করে: এমপি সৈয়দ ফয়সল

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

জালাল উদ্দিন লস্কর, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, চুনারুঘাট ও মাধবপুরবাসীর কাছে তিনি আগামী পাঁচ বছর প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসেব দেবেন। তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, “কেউ অন্যায় কাজ করবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমি পইপই করে উন্নয়নের হিসেব জনগণের সামনে তুলে ধরব।”

শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে চুনারুঘাট উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, দলীয় প্রধানের আস্থা ও জনগণের বিপুল সমর্থনে তিনি নির্বাচিত হয়েছেন এবং এই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

তিনি বলেন, “আমার কাজ করার মতো শক্তি, সামর্থ্য ও জ্ঞান রয়েছে। জনগণ আমাকে সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবার আপনাদের পাওয়ার পালা। এলাকার উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি—সব ক্ষেত্রেই দৃশ্যমান পরিবর্তন আনা হবে।”

এ সময় তিনি চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের অবহেলিত সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও চা বাগানের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “কেউ যেন হিন্দু সম্প্রদায় ও চা বাগানের লোকজনের ওপর জুলুম করতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তারা এ দেশের সম্মানিত নাগরিক। আমরা তাদের পাহারাদার হিসেবে কাজ করে যাব।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মীর সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান,মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার, চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিক, পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।