লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ১, ২০২৬

সানি চন্দ্র বিশ্বাস: লাখাই উপজেলার চিকনপুরে নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে রুবেল মিয়া (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

নিহত রুবেল মিয়া উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চিকনপুর গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে।
শুক্রবার ( ১মে) সকাল আনুমানিক সাড়ে দশটায় খবর পেয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয়দের সহায়তায় মৃতের বসতঘর থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া তার পৈত্রিক টিনের চৌচালা বসতবাড়ির নিজ শয়নকক্ষে ঘরের বাঁশের ধর্নার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

নিহতের মা আলেক বানু জানান, তিনি সকাল আনুমানিক সাড়ে ৭টায় বাজারে যান। পরে সকাল আনুমানিক সাড়ে ১০ টায় বাড়িতে ফিরে এসে দেখেন, তার ছেলে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ জানায়, সুরতহাল তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।