সিরাজগঞ্জে সেবা লাইন বাস কাউন্টার ভাঙচুর- হামলা - দৈনিক দেশ কন্ঠ

সিরাজগঞ্জে সেবা লাইন বাস কাউন্টার ভাঙচুর- হামলা

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: সেপ্টেম্বর ৭, ২০২৬

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার নিউ ঢাকা রোডে ‘সেবা লাইন’ বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় কাউন্টারের চেয়ার-টেবিল, কাউন্টার গ্লাসসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি এবং ক্যাশ ড্রয়ার থেকে ৪৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন কাউন্টার কর্তৃপক্ষ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় জেলা শহরের রেলওয়ে কলোনি এলাকার মো. সবুজ (২৭), মো. লাভলু (৩০)সহ ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সেবা লাইন সিরাজগঞ্জ শাখার ম্যানেজার মো. মুরাদ সরকার।

লিখিত অভিযোগে মুরাদ সরকার উল্লেখ করেন, পূর্ববিরোধের জেরে মো. সবুজ ও মো. লাভলুর নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি রামদা, ছুরি, লোহার রড ও কাঠের বাটাম নিয়ে সেবা লাইন বাস কাউন্টারে প্রবেশ করেন। পরে তারা কাউন্টার ও অফিসে হামলা চালিয়ে চেয়ার, টেবিল, কাউন্টার গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে মো. সবুজ কাউন্টারের ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৪৫ হাজার টাকা বের করে নিয়ে যান। এ সময় মুরাদ সরকার ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সেবা লাইন বাস কাউন্টারের ম্যানেজার মো. মুরাদ সরকার বলেন, ‘এর আগেও পিকনিকসহ বিভিন্ন বিষয়ের কথা বলে আমাদের কাছে চাঁদা দাবি করা হতো। চাঁদা না দেওয়ায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আমাদের অভিযোগ।’

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় দেওয়া লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’