বানিয়াচংয়ে সুজন এর আয়োজনে তিন এমপি প্রার্থী জনগণের মুখোমুখি - দৈনিক দেশ কন্ঠ

বানিয়াচংয়ে সুজন এর আয়োজনে তিন এমপি প্রার্থী জনগণের মুখোমুখি

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৬

শেখ সজীব হাসান,বানিয়াচং :  “একটি রাষ্ট্রে জনগণের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সুজন)-এর উদ্যোগে হবিগঞ্জ-২ আসনের প্রতিদ্বন্দ্বী তিনজন সংসদ সদস্য প্রার্থী জনগণের মুখোমুখি হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারী) সকাল ১০টায়, বানিয়াচং উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে সুজন এর সভাপতি দেওয়ান সুয়েব রাজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিসের মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল বাসিত আজাদ(বড় হুজুর) ও স্বতন্ত্র প্রার্থী আফসার আহমেদ রুপক।

অনুষ্ঠানের শুরুতে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় উন্মুক্তভাবে প্রার্থীদের কাছে শিক্ষা, স্বাস্থ্য ,কৃষি, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করা হয়।

প্রশ্নের জবাবে প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে হবিগঞ্জ-২ আসনের শিক্ষা, স্বাস্থ্য, ও যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়াও তারা জনগণের সকল প্রত্যাশা পূরণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নিয়েই কাজ করবেন বলেও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, সুজন এর হবিগঞ্জ জেলার সাধারন-সম্পাদক চৌধুরী মিনহাজুল বারী, সিনিয়র সহ-সভাপতি মহসিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, উপজেলা সুজন এর নির্বাহী সদস্য রাজিব আহমেদ, হৃদয় হাসান শিশির সহ স্থানীয় ভোটার, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।