
দেশকণ্ঠ ডেস্ক : লাখাইয়ে চায়ের দোকানে গিয়ে কেটলি ফেলে দেওয়ার ঘটনায় হরিপদ দেবনাথ (৫০) নামক মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে রক্তাক্ত করেছে দুই ব্যক্তি।
গতকাল বুল্লাবাজারে এ ঘটনা ঘটে। সে উপজেলার রাঢ়িশাল গ্রামের কাছন দেবনাথের ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
জানাযায, গতকাল শনিবার বুল্লাবাজার সালাহ উদ্দিনের চায়ের দোকানে ঢুকে তিনি একটি বিস্কুট খেতে চান। এ সময় তার হাত লেগে দোকানের একটি কেটলি নিচে পড়ে যায়। তখন দোকানি সালাহ উদ্দিন কিছু না বললেও পাশে থাকা
সিংহগ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে সামছু মিয়া ও পূর্ব সিংহগ্রামের মৃত তারা মিয়ার ছেলে জলিল মিয়া নামক দুই ব্যক্তি তাকে বেধড়ক মারপিট করেন। লোকটির শরীরে সব সময় শিকল বাঁধা থাকে এবং বুল্লাবাজারেই কাটে তার দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি অনেকের কাছেই চেয়ে খাবার খান। সালাহ উদ্দিনের ক্ষতি করার পরও তিনি কিছু বলেননি। তবে দোকানে বসে থাকা সামছু ও জলিল তাকে প্রায় ১৫ মিনিট ধরে লাঠিপেটা করতে থাকেন। এতে হরিপদের শরীর থেকে রক্ত বের হয়।
বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী পারভেজ আহমেদের ভাষ্য, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কোনো মানুষ একজন পাগলকে এভাবে মারতে পারে না।’ ব্যবসায়ী ও স্থানীয়রা অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, ‘ঘটনাটি শুনেছি। অত্যন্ত নিন্দনীয় কাজ। ঘটনার শিকার ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে উপযুক্ত আইনিব্যবস্থা নেওয়া হবে।
‘