
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর : ব্র্যাকের প্রগতি কর্মসূচির মৃত সহকারী এরিয়া ম্যানেজার জমিলা খাতুনের প্রভিডেন্ট ফান্ডের সম্বাব্য পরিমান প্রায় ১৫ লাখ টাকা পরিশোধে গড়িমসির অভিযোগ উঠেছে।মৃত্যুর প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও এখনো ওয়ারিশরা তাদের প্রাপ্য অর্থ বুঝে পাননি বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
জানা যায়,জমিলা খাতুন মৃত্যুবরণ করার পর তাঁর প্রভিডেন্ট ফান্ডের প্রাপ্য অর্থ ওয়ারিশদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। তবে দীর্ঘ সময় পার হলেও অজ্ঞাত কারনে অর্থ প্রদান না করায় পরিবারটি চরম ভোগান্তিতে পড়েছে।
ওয়ারিশদের অভিযোগ, গত ১ অক্টোবর ২০২৫ তারিখে এ বিষয়ে তারা লিখিতভাবে মাধবপুরের ইউএনও’র কাছে অভিযোগ দায়ের করেন। এরপর ৭ অক্টোবর ইউএনও অফিস থেকে ব্র্যাক প্রগতি কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করে দ্রুত টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত কর্মকর্তা জমিলা বেগমের ভাগ্নী আমেনা বেগম ও আম্বিয়া বেগম বারবার যোগাযোগের চেষ্টা করলেও ব্র্যাক কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না। এমনকি ফোন কলও রিসিভ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ব্র্যাক প্রগতি কর্মসূচির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, “ জমিলার প্রভিডেন্ড ফান্ডের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে পারব না।সাংবাদিকদের তথ্য দিতে আমার কোনো বাধ্যবাধকতা নেই।আমি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করা লোক।”
এদিকে দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ না পাওয়ায় ওয়ারিশরা আর্থিক সংকটে পড়েছেন বলে জানান। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধের দাবি জানিয়েছেন।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে এবং দ্রুত সমাধানের দাবি উঠেছে।