যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান পেল 'তেঘরিয়া যুব সংসদ - দৈনিক দেশ কন্ঠ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান পেল ‘তেঘরিয়া যুব সংসদ

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: অক্টোবর ১৮, ২০২৬

কামরুল হাসান সুজন : জেলার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান পেয়েছে লাখাই উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘তেঘরিয়া যুব সংসদ’

​২০২৬ অর্থবছরে হবিগঞ্জ জেলার শতাধিক সামাজিক সংগঠনের মধ্য থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত মাত্র ৫টি সংগঠনকে এই অনুদান প্রদান করা হয়। যার মধ্যে লাখাই উপজেলার একমাত্র সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে তেঘরিয়া যুব সংসদ।

​গত ১৭ অক্টোবর (শনিবার) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকার এই অনুদানের আর্থিক চেক গ্রহণ করেন সংগঠনের প্রতিনিধি দল। অনুদান গ্রহণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদিকা মায়ানুর আক্তার, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যৌথ সম্পাদক জোনায়েদ চৌধুরী জুনু এবং আইন বিষয়ক সম্পাদক আতাহার হোসেন চৌধুরী হৃদয়।

​সংগঠনের নেতৃবৃন্দ জানান, সরকারের এই অনুদান কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং তেঘরিয়া যুব সংসদের দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের এক রাষ্ট্রীয় স্বীকৃতি। এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা ও সাহস জোগাবে।

​উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই তেঘরিয়া যুব সংসদ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ, শিক্ষা সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ এবং যেকোনো দুর্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নানাবিধ সমাজসেবামূলক কাজ পরিচালনা করে আসছে।

​সংগঠনের সাধারণ সম্পাদিকা মায়ানুর আক্তার এক প্রতিক্রিয়ায় বলেন, “এই অর্জন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও মানবিক চিন্তার ফল। সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রাপ্ত অনুদান যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতে সমাজ ও মানবতার সেবায় আরও বড় ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
​