
ডেস্ক রিপোর্ট : লাখাই উপজেলার বিভিন্ন হাওরে গত সপ্তাহে বয়ে যাওয়া অতিবৃষ্টির কারণে নিচু এলাকার প্রায় ৬ হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে। ফলে চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, চলতি বোরো মৌসুমে লাখাই উপজেলায় ১১ হাজার ২২০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এটি প্রায় ৭০ হেক্টর বেশি। তবে এখনো অধিকাংশ এলাকায় ধান পরিপক্ক না হওয়ায় শুরু হয়নি ধান কর্তন। পাশের জেলা সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে আগাম বন্যায় বোরো ফসল নষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ায় লাখাইয়ের কৃষকদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।
স্বজন গ্রামের কৃষক আনজব আলী বলেন, তিনি ১৮ বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন। এর মধ্যে ৫বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। তবে জমির ধান এখনো পুরোপুরি পাকেনি।
শিবপুরের কৃষক আক্কল আলী বলেন, হঠাৎ বোরো জমিতে পানি ঢুকে পড়ায় কাঁচা ও আধাপাকা ধান কেটে ফেলতে হয়েছে। আবারও রয়েছে ধান কাটার শ্রমিকের সংকট। পরিবার নিয়ে এবার কী খাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীতে গত কয়েক দিন ধরে পানি বাড়ছে। লাখাই ইউনিয়নের শিবপুর ও স্বজনগ্রাম এলাকায় প্রায় ৬ হেক্টর বোরো জমি পানির নিচে তলিয়ে গেছে। এসব জমি নদীর পাড়ের নিম্ন এলাকায় হওয়ায় আগে তলিয়ে গেছে। উজানে পানি বাড়তে থাকলে উপজেলার হাওর এলাকার বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের হবিগঞ্জের উপসহকারী প্রকৌশলী মো. মাসুম চৌধুরী বলেন, লাখাইয়ে পানিতে জমি তলিয়ে যাওয়ার বিষয়ে তাঁদের কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে এটি জলাবদ্ধতার কারণেও হতে পারে বলে তিনি জানান।