সিলেটে ঘুমন্ত শিশুকে গলা কেটে হত্যা - দৈনিক দেশ কন্ঠ

সিলেটে ঘুমন্ত শিশুকে গলা কেটে হত্যা

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ২২, ২০২৬

সিলেটের জালালাবাদ থানা এলাকায় এক বছর আট মাস বয়সী এক কন্যাসন্তানকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার (২২ মে) ভোরে উপজেলার পুরাতন কালারুকা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম মাইমুনা জান্নাত তোহা। তার বয়স হয়েছিল মাত্র ১ বছর ৮ মাস। সে ওই গ্রামের বাসিন্দা আমির আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক পাঁচটার দিকে শিশুটির বাবা আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যান। ঘরে তখন ঘুমিয়ে ছিল মা ও শিশু সন্তান। অভিযোগ উঠেছে, স্বামী বাড়ির বাইরে যাওয়ার পরপরই ঘরে থাকা ধারালো বটি দিয়ে নিজের ঘুমন্ত কন্যাসন্তানকে গলা কেটে হত্যা করেন সুবিনা বেগম। স্থানীয়রা জানান, সুবিনা দীর্ঘদিন ধরে মারাত্মক মানসিক সমস্যায় ভুগছিলেন।

খবর পেয়ে জালালাবাদ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নারীকে আটক করেছে। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে নিজের সন্তানকে তিনি এভাবে হত্যা করলেন, তা এখনো সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি বাসায় রামিসা (৭) নামের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এসময় খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

সুত্র: নিউজ24