
স্টাফ রিপোর্টার:
পবিত্র জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ আমিন-আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলে যুক্ত হন মুসল্লি, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলা বিএনপির সদস্য, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলামের উদ্যোগে আয়োজিত হয় এই দোয়া ও মিলাদ মাহফিল।
মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন কাসেমী। তিনি কান্নাজড়িত কণ্ঠে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে শুধু রাজনৈতিক নেতাকর্মীই নয়—অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সাধারণ মুসল্লি ও পেশাজীবীরাও। উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা ও থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজক এইচ এম জহিরুল ইসলাম বলেন,
“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের একজন প্রবীণ ও জনপ্রিয় নেত্রী। তার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছি।”
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে ধর্মীয় এই আয়োজনের সমাপ্তি ঘটে।