
শেখ আব্দুর রাজ্জাক , রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালীতে পিকাপের ধাক্কায় একজন বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। উক্ত সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের নাম মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০)। নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।সে উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের মৃত কোরাল মন্ডলের ছেলে। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মফিজ উদ্দিন তার কেনা দুটি ছাগল ভ্যানে করে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভ্যানচালক মো. মোতাহার খান যখন ছাগল দুটি ভ্যানে বাঁধছিলেন, ঠিক সেই মুহূর্তে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগতির মিনি পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার নিচে পড়ে যায় এবং ভ্যানে বসে থাকা মফিজ উদ্দিনের পা পিকআপের চাকায় পিষ্ট হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পাংশা হাইওয়ে ও কালুখালী থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।
পাংশা হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘাতক পিকআপটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।