
- শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ী প্রতিনিধিঃ তিল একটি তৈল জাতীয় ফসল, লাল তিলের চাইতে কালো তিলের চাহিদা বেশি। সেই আশায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃত্রিম রং ব্যবহার করে ভেজাল তিল প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে অভিযোগে দুই ব্যক্তিকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৬ জুন ) জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজবাড়ীর সহায়তায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার এবং জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মোঃ আশিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজবাড়ীর নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ পনিরুজ্জামান। অভিযানকালে আব্দুল হাই বিশ্বাস (৫৫) ও শহিদুল বিশ্বাস (৬২) নামের দুই ব্যক্তিকে কৃত্রিম রঞ্জক ব্যবহার করে ভেজাল তিল প্রস্তুত করতে দেখা যায়। তারা লাল তিলে রং মিশিয়ে তা কালো তিল হিসেবে বাজারজাত করার উদ্দেশ্যে প্রস্তুত করছিলেন বলে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয়।
এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এ সময় অভিযান পরিচালনাকালে ২২ বস্তা রঞ্জকমিশ্রিত ভেজাল তিল এবং ভেজাল তৈরিতে ব্যবহৃত রঙের কৌটা জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল তিল বিধি অনুযায়ী বিনষ্ট করার জন্য নিরাপদ খাদ্য অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত আছে ও ভবিষ্যতেও থাকবে।