খুলনায় কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু দুলাভাই বাহিনীর সদস্য নিহত - দৈনিক দেশ কন্ঠ

খুলনায় কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু দুলাভাই বাহিনীর সদস্য নিহত

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুন ২৬, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা ব্যুরো:** খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে কথিত জলদস্যু দুলাভাই বাহিনীর সদস্যদের গুলিবিনিময়ের ঘটনায় রবিউল ইসলাম (৩৫) নামে এক সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এ ঘটনা ঘটে। এ সময় দস্যু বাহিনীর কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সুন্দরবনের কয়রা উপকূলীয় এলাকায় জলদস্যু দুলাভাই বাহিনীর সদস্যদের অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানের একপর্যায়ে দস্যু বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করা হয়।

তাকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খুলনা জেলা পুলিশ সুপার **মো. তাজুল ইসলাম** ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোস্টগার্ডের সঙ্গে জলদস্যু দুলাভাই বাহিনীর গুলিবিনিময়ের ঘটনায় একজন নিহত হয়েছে। অভিযানের সময় জলদস্যুদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলদস্যুতা, চাঁদাবাজি ও বনজ সম্পদ লুটপাট রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন এলাকাকে জলদস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।