
শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ী ঃরাজবাড়ীর কালুখালীতে ট্রাক বাস ও পিকআপের মাঝে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৩ জুলাই) দুপুরের দিকে কালুখালী রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া চরনারায়ণপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী বাস তার সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গেলে এ সময় সামনের দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সাথে বাসটি সামনে থাকা ট্রাককেও সজোরে ধাক্কা দেয়, যার ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এই সংঘর্ষে পিকআপটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকচালক ও পিকআপচালকসহ মোট তিনজন মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উল্টে যাওয়া ট্রাক থেকে এর চালককে জীবিত উদ্ধার করেন এছাড়া, পিকআপের ভেতর আটকে পড়া চালককে বের করতে উদ্ধারকারী দলটিকে গাড়িটির দুমড়ে-মুচড়ে যাওয়া সামনের অংশ কেটে ভেতরে প্রবেশ করে। আহতদের উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত ও উন্নততর চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন।
এ দিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিজে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং আহতদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো পুলিশ হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে আটকে পুলিশের অভিযান চলছে এবং এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই দুর্ঘটনার কারণে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পরপরই পরিস্থিতি ভালো হয় এবং আবার যানবাহন চলাচল সম্পূর্ণ ভাবে চালু হয় ।