লাখাইয়ে কালভার্ট ভেঙে দুর্ভোগে শত শত মানুষ - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে কালভার্ট ভেঙে দুর্ভোগে শত শত মানুষ

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: ডিসেম্বর ২০, ২০২৫
ভেঙে যাওয়া কালভার্ট

নাজিম উদ্দিন রানা, লাখাই  :
হবিগঞ্জের লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের উত্তরগ্রামের মদনপুর থেকে আঞ্চলিক সড়কের সংযোগ স্থাপনকারী কালভার্টটি ভেঙে পড়ার তিন বছর পার হলেও এখনো নির্মাণ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় শত শত মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-লাখাই-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের সঙ্গে সংযুক্ত এই গুরুত্বপূর্ণ শাখা সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু ২০২২ সালের ভয়াবহ বন্যায় কালভার্টটি সম্পূর্ণভাবে ভেঙে যায়। এরপর থেকে এলাকাবাসীকে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি ভেঙে যাওয়ার পর অস্থায়ীভাবে বাঁশের সাকো নির্মাণ করা হলেও তা বেশিদিন টেকেনি। বর্তমানে সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে কৃষকরা কৃষিপণ্য ও উপকরণ আনা-নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন। বর্ষা মৌসুমে কালভার্টের ভাঙা অংশ পার হওয়া অসম্ভব হয়ে পড়ে, আর শুকনো মৌসুমেও ঝুঁকি নিয়েই মানুষ চলাচল করেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রফিকুল ইসলাম রাফিক জানান, “কালভার্টটি নির্মাণের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।