
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় চুরির গরুসহ বদল মিয়া (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মনতৈল গ্রামের গাছ ঘুড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। আটক বদল মিয়া উপজেলার সিংহ গ্রামের অনুপ মিয়ার ছেলে।
জানা যায়, রাঢ়িশাল গ্রামের অধীর দেবনাথের একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের চোখে পড়ে বদল ও তার সহযোগী মোশাহিদ মিয়া। জনতা তাদের ধাওয়া করলে মোশাহিদ পালিয়ে যেতে সক্ষম হলেও গরুসহ ধরা পড়ে বদল। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় গরুর মালিক অধীর দেবনাথ বাদী হয়ে মামলা করেছেন। লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, ধৃত আসামিকে আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।