রাজবাড়ীতে কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক দেশ কন্ঠ

রাজবাড়ীতে কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুলাই ১৯, ২০২৬

শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ী ঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম জসিম শেখ (২৮) সে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন গঙ্গানন্দ পুর মৃত বিশু শেখের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির উদ্দেশ্যে খামারে প্রবেশের পর ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা সরানোর চেষ্টা করেন জসিম। এ সময় ভারী ফিডের বস্তা তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।