
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের এক বয়স্ক মহিলার মৃত্যুর সংবাদ প্রচার এর পরে বেচে উঠেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর গ্রামের ওই মহিলা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হলে পরিবারের লোকজন ধরে নেন তিনি মৃত্যুবরণ করেছেন। এরপর নিয়ম অনুযায়ী স্থানীয় মসজিদের মাইকে তাঁর মৃত্যুর সংবাদ প্রচার (এলান) করা হয় এবং দাফন-কাফনের প্রস্তুতি শুরু হয়।মৃত্যুর সংবাদ শুনে আগত মেহমানদের জন্য রান্না বান্নাও করা হয়।
কিন্তু মাইকিং করার কিছুক্ষণের মধ্যেই অলৌকিক ঘটনাটি ঘটে। মৃত ভেবে শুইয়ে রাখা ওই মহিলা হঠাৎ নড়েচড়ে ওঠেন এবং চোখের পাতা খোলেন। পরিবারের সদস্যরা কাছে গিয়ে দেখেন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং কথা বলার চেষ্টা করছেন।
মুহূর্তের মধ্যেই এই খবর পুরো গ্রাম ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। অলৌকিক এই ঘটনাটি নিজ চোখে দেখার জন্য ওই বাড়িতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমেছে। অনেকেই একে মহান আল্লাহর অশেষ কুদরত ও অলৌকিক নিয়ামত হিসেবে দেখছেন।
ওই মহিলা ধর্মপুর গ্রামের দক্ষিণ পশ্চিমের সড়কের বাড়ির রেজেক মিয়ার মা।