
নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর আয়োজনে আত্মপ্রকাশ করেছে ‘লাখাই উপজেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। রোববার (২৬ জুলাই) বিকাল ৩ টায় হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৫৫ জনবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে তানভীর আহমদ শিপনকে সভাপতি, কামরুল হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল-মাহমুদকে সাংগঠনিক সম্পাদক ও মুহিবুর রহমান মুহিবকে অর্থসম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।মুফতি মুফাজ্জল হুসাইন এ কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ‘ঐক্য, আদর্শিক চেতনা ও শিক্ষার মানোন্নয়নকে সামনে রেখে কওমি অঙ্গনের নবীন আলেমদের সমন্বয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।’
তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বের বিকাশ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি কওমি শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও গঠনমূলক কর্মকাণ্ডেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হাই দিকনির্দেশনামূলক নসীহত পেশ করেন সকলের উদ্দেশ্য। পরে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।