
পারভেজ হাসান, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামের এক রেমিটেন্স যোদ্ধার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল প্রবাসের মাটিতে। মা-বাবার মুখে হাসি ফোটাতে এবং সংসারের সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমানো খোকন মিয়া (২৪) ফিরলেন কফিনে বন্দি হয়ে। দীর্ঘ ৩০ দিন আগে প্রবাসে মৃত্যু হওয়া খোকন মিয়ার মরদেহ গত ১৬ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টায় নিজ গ্রাম মনতৈলে এসে পৌঁছায়।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মনতৈল গ্রাম কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। খোকন মিয়া মনতৈল গ্রামের তফু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর আগে জীবন ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন খোকন। সেখানে তপ্ত রোদে ঘাম ঝরিয়ে পরিবারের অভাব দূর করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রায় এক মাস আগে সেখানে তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার রাতে ফ্রিজভ্যান যোগে তাঁর মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা-বাবার প্রিয় সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। যে ছেলেকে ঘিরে পরিবারটি সুখের স্বপ্ন বুনেছিল, সেই ছেলের কফিন দেখে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।