
নিজস্ব প্রতিবেদক:
লাখাইয়ে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষ লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ প্রায় ২০জন লোক আহত হয়। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় উপজেলার মোড়াকরি পূর্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৩ জন দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানাযায়, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মহরম আলী গং লোকজনের সাথে একই এলাকার আবদাল গং লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পরে গত (২৩ ডিসেম্বর) হাঁস ক্রয়ের জন্য মহরহম আলী পক্ষের এক হাঁসের খামারীর কাছে গিয়েছিল আবদাল গং কয়েকজন যুবক। এতে হাঁস বিক্রি করতে অস্বীকৃতি জানায় ঐ খামারী। একপর্যায়ে আবদাল গং লোকেরা ৮/১০ টি হাঁস চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরবর্তীতে ঘটনাটি সালিশে মিমাংসা করার চেষ্টা করলে সালিশেই দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরবর্তীতে দুইপক্ষের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পোঁছে স্থানীয়দের সহযোগীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তন্মধ্যে ৫জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েেছে বলে জানাগেছে ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সাল জানান, হাঁস চুরির ঘটনা নিয়ে সংঘর্ষের সুত্রপাত। বিস্তারিত আমি জানিনা। আমি এলাকার বাহিরে আছি।
এবিষয়ে লাখাই থানার ওসি জাহিদুল হক বলেন- সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৩ জন দাঙ্গাবাজকে আটক করা হয়েছ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।