বুল্লায় ভিজিএফের চাল বিতরণে হট্রগোলের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন - দৈনিক দেশ কন্ঠ

বুল্লায় ভিজিএফের চাল বিতরণে হট্রগোলের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ২২, ২০২৬

লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে হট্রগোলের ঘটনায়  ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি ড.এম. আখতার আহাদ চৌধুরী(স্বপন) নিজেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গঠিত তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়াকে সমন্বয়ক এবং অন্য চারজন কো-সমন্বয়ক হিসেবে রয়েছেন- সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম গোলাপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শফিক মিয়া তালুকদার এবং উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের অপু।

জানাগেছে, গততকাল (২১ মে) বুল্লা ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল বিতরণকালে একটি অপ্রীতিকর/ হট্রগোল ঘটনা সামাজিকভাবে প্রকাশ পায় এবং আজকে বিভিন্ন পত্রিকায় এর সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ উঠেছে, বিএনপির কিছু ইউনিয়ন পর্যায়ের পরিচিত নেতৃবৃন্দ ওই ঘটনায় সরাসরি জড়িয়ে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করেন, যা সাধারণ মানুষের মাঝে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তদন্ত কমিটি অভিযুক্তদের নোটিশ প্রদান করার মাত্র ৩ দিনের মধ্যে তাদেরকে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে আনীত অভিযোগের বিষয়ে লিখিত বা মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তরা সন্তোষজনক ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।