
লাখাইয়ে লাইসেন্স না থাকার অভিযোগে দুই ইট ভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে মোড়াকরি উত্তর মদনপুর এলাকার মেসার্স তিতাস ব্রিকস ফিল্ড ও সিএমসি ইটের ভাটায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
সুত্র বলছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী যথাযথ লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ওই দুই ইটভাটার মালিককে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, লাইসেন্স না থাকায় জনস্বার্থে এই জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সরকারি আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর সুমন। এসময় আনসার সদস্যবৃন্দসহ লাখাই থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।